বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা কমিটির সভাপতি ডিএম শাহিদুজ্জামান শহীদ (৫৫) বৃহস্পতিবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএম শাহিদুজ্জামান শহীদ গত ১৩ অক্টোবর ঢাকায় তার ভাগ্নে কৌশিকের বাসায় গিয়েছিলেন মেডিকেল চেকআপ করাতে। ১৬ অক্টোবর রাতে তার শরীর খুব বেশি খারাপ হয়। সকাল ৮টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, শহীদের মরদেহ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে যশোরের উদ্দেশ্যে আনা হবে। রাতেই মরদেহ যশোরে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার সকাল ১১টায় তার মরদেহ উদীচী যশোর কার্যালয়ে আনা হবে শ্রদ্ধাঞ্জলির জন্যে। বাদ জুম্মা যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ডিএম শাহিদুজ্জামান শহীদ ১৯৮২ সালে কামালউদ্দিন নীলুর ‘মিছিল’ নাটকে অভিনয়ের মাধ্যমে একজন নাট্যকর্মী হিসেবে উদীচীর সঙ্গে সম্পৃক্ত হন। এরপর তিনি সংগঠনের জেলা কমিটির সদস্য, নাট্যসম্পাদক, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সর্বশেষ সভাপতি হিসেবে পরপর পাঁচবার দায়িত্ব পালন করেন। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।
২০১৭ সালের মে মাসে তার জিহ্বায় ক্যানসার ধরে পড়ে। এরপর তিনি বাংলাদেশ ও ভারতে ক্যানসারের চিকিৎসা গ্রহণ করেন।
ডিএম শাহিদুজ্জামান যশোর শহরের হাজী আব্দুল করিম সড়কের ডিএম আমানের ছেলে। তিনি নিঃসন্তান ছিলেন।