মা ইলিশ পরিবহনের দায়ে ৩ পুলিশ বরখাস্ত

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের সময় তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার রাত ১০টার দিকে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে তাদের আটক করা হয়। পরে তাদের সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।

আটকরা হলেন- পুলিশের এটিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও হৃদয় হোসেন। তারা শরীয়তপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের সদর হাসপাতালের সামনে দিয়ে ৪টি মোটরসাইকেলে ইলিশ মাছ নিয়ে যেতে দেখে মোটরসাইকেল আরোহীদের পিছু নেয় স্থানীয় জনতা। পানি উন্নয়ন বোর্ডের সামনে তাদের গতিরোধ করে তল্লাশি করে ২টি মোটরসাইকেলে থাকা দুই বস্তা ভর্তি অন্তত দুইশ ইলিশ মাছসহ পুলিশের তিন সদস্যকে আটক করে স্থানীয়রা।

এ সময় অপর ২ মোটরসাইকেলসহ বাকি সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে নিয়ে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত ১২টার দিকে পুলিশ সুপার আব্দুল মোমেন আটক হওয়া তিন পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ পরিবহনের দায়ে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাীধ যেই হোক কেউ আইনের বাহিরে নয়। অপরাধী অপরাধীই।