প্রেমের টানে চলে আসা খাসিয়া নারীকে ভারতে ফেরত

প্রেমের টানে এক ভারতীয় নারীর বাংলাদেশে চলে আসা নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে গত ৫ দিন ধরে চলা উত্তেজনা নিরসন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ওই ভারতীয় নারীকে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে ভারতও বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া এক যুবক ও গরু ফেরত দিয়েছে।

এই সময় বিজিবি, বিএসএফ ছাড়াও দুই দেশের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবিসূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তের টিপরাখলা গ্রামের মৃত হারিছ উদ্দিন ওরফে আনাই মিয়ার ছেলে এক সন্তানের জনক ফিরোজ মিয়া (৩৫) প্রায়ই ভারতে আসা-যাওয়া করতেন। এই সুবাদে ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বিস্তর চংকর খাসিয়ার স্ত্রী, ৫ সন্তানের জননী কারেংশুর (৪০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

গত শনিবার কারেংশু প্রেমিক ফিরোজের হাত ধরে বাংলাদেশে চলে আসেন। এরপরই ভারতীয় খাসিয়ারা বিষয়টি বিএসএফকে জানায়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে কারেংশুকে দুইদিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ফিরোজ ও কারেংশু আত্মগোপন করায় বিড়ম্বনার সৃষ্টি হয়।

এ অবস্থায় গত মঙ্গলবার বিকেলে একদল ভারতীয় খাসিয়া বাংলাদেশে অনুপ্রবেশ করে টিপরাখলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আবদুন নুরকে (৩৬) এবং স্থানীয় মাঠে চরতে থাকা অর্ধ শতাধিক গরু ধরে নিয়ে যায়। এতে সীমান্তে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

এ অবস্থায় গত বুধবার দুপুরে দুই দেশের ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জানায়, বাংলাদেশে এসে আত্মগোপনে থাকা কারেংশু খাসিয়াকে আটক করা হয়েছে এবং তাকে হস্তান্তর করা হবে। তখন বিএসএফও বাংলাদেশি যুবক ও গরুগুলো ফেরত দিতে সম্মত হয়।

ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবার বিজিবি-বিএসএফ বৈঠক হয় এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল কাদির, জৈন্তাপুর মডেল থানার এস.আই আতিকুর রহমান রাসেলসহ বিজিবি ও পুলিশের প্রায় ৪০ জন সদস্য। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর হেওয়াই ক্যাম্প কমান্ডার আই.এস.পি সুরেন্দ্র রায়সহ বিএসএফ ও ভারতীয় পুলিশের সদস্যরা।

বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আবদুল কাদির বলেন, কয়েক দফা বৈঠকের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ওই ভারতীয় নারীকে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি যুবক ও গরুগুলো আমরা ফেরত পেয়েছি।