ওভারটেক নিয়ে দ্ব›দ্ব

ট্রাকচাপায় চালককে হত্যা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওভারটেক করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ট্রাকচালক সোহেল রানা মামুনকে (৩৫) হত্যার অভিযোগ করেছে তার পরিবার। গত বুধবার সকালে বাংলাবান্ধায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই মামুনের বড় ভাই রমজান আলী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। আসামিরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইদার চালা এলাকার আব্বাস আলীর ছেলে ট্রাকচালক আব্দুল কুদ্দুস (২৫) ও পোড়াবাড়ি এলাকার সাগর (২৩)। এদের মধ্যে কুদ্দুসকে ধরে সে সময়েই পুলিশে দেয় স্থানীয়রা। তাকে গতকাল বৃহস্পতিবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের ভাই রমজান আলী বলেন, ‘মামুন বুধবার সকালে ট্রাক নিয়ে বন্দরে যায়। পথে ওভারটেক করা নিয়ে চালক কুদ্দুস ও সাগরের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। মীমাংসার পর মামুন নিজের ট্রাকে ওঠার জন্য সড়ক পার হতে গেলে আসামিরা সুযোগ বুঝে ট্রাক দিয়ে চাপা দেয়। আমরা এ হত্যার বিচার চাই।’