নওগাঁর মান্দায় যুবলীগ নেতা তারেক রহমানের রাজনৈতিক অফিস থেকে ৫৬ বোতল ফেনসিডিল, ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালীসফায় অভিযান চালায় তারা। তারেক রহমান ভারশো ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা বলেন, প্রতিদিন রাতে যুবলীগ নেতা তারেকের অফিসে মাদকের আড্ডা বসে। এই আড্ডা প্রায় সারা রাত চলে। জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসেন মাদক সেবন করতে। শুধু মাদকই নয়, এখানে গভীর রাতে বসে জুয়ার আসর। দীর্ঘদিন ধরে যুবলীগ নেতার অফিস মাদকের দোকান নামে পরিচিত সবার কাছে।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, বুধবার রাত ১টার দিকে মান্দা থানার পরিদর্শকসহ (তদন্ত) ফোর্স নিয়ে ভারশো ইউনিয়ন যুবলীগ নেতা তারেক রহমানের অফিসে অভিযান পরিচালনা করা হয়। সে সময় অফিসটি তালাবদ্ধ থাকায় দরজার তালা ভেঙে অফিসের ভেতর থেকে ৫৬ বোতল ফেনসিডিল ও ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তারেকের বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।