সেরা একাদশে ভাইকে রেখে হাসির পাত্র কামরান আকমল

বেছে নেওয়া পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা একাদশে নিজেকে তো রাখলেনই, রাখলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে ডাক মারা ভাই ওমর আকমলকেও। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হলেন পাক ক্রিকেটার কামরান আকমল!

সম্প্রতি একটি ইউ টিউব চ্যানেলে সাক্ষাৎকারের মাঝে কামরানকে তার সর্বকালের সেরা পাক একাদশ বেছে নিতে বলেন প্রশ্নকর্তা। সেই দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজেকে জায়গা দেওয়ার পাশাপাশি ব্যাটিং অর্ডারে চার নম্বরে ভাই উমর আকমলকে বেছে নেন তিনি।

দেশের সর্বকালের সেরা একাদশে নিজেকে বাছাই করার কারণ হিসেবে আকমল ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্সের কথা তুলে ধরেন। আকমল জানান, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে বিচার করলে সর্বকালের সেরা একাদশে যোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়াগা পাওয়ার যোগ্য তিনি।

পাশাপাশি মিডল অর্ডারে কিংবদন্তি ইনজামাম-উল-হক কিংবা ‘ডিপেন্ডবল’ ইউনিস খানের বদলে কামরান বেছে নিয়েছেন তার ভাই উমর আকমলকে। তবে তার সেরা একাদশে জায়গা পেয়েছেন সাঈদ আনোয়ার, শাহিদ আফ্রিদি, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার কিংবা সাকলায়েন মোস্তাকের মত দিকপালরা।

কামরানের এই একাদশ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অনুরাগীদের ব্যাঙ্গাত্মক মন্তব্য। কেউ লিখেছেন, কামরান নিজেকে বেছে নিয়েছেন তবু ঠিক আছে। কিন্তু ইনজামাম-ইউনিসকে বাদ দিয়ে উমরকে মেনে নেওয়া যায় না কোনো মতেই।

কেউ আবার লিখেছেন অল টাইম গ্রেট ইনজামাম ইউসুফের বদলে হাফিজ আর উমর, আপনি কি লাহোর একাদশ নির্বাচন করেছেন?

কারও মতে, একাদশে মাত্র দু’জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, এমন মাঝারি মানের দল নির্বাচন না করলে কী চলছিল না?

কামরানের সর্বকালের সেরা একাদশ:

সাঈদ আনোয়ার, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, কামরান আকমল (উইকেটকিপার), ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও সাকলাইন মোস্তাক