মাদক সম্রাট এল চাপ্পোর ছেলেকে ছাড়তে বাধ্য হলো বন্দুকযুদ্ধে পরাস্ত পুলিশ

আটকের পর মেক্সিকোর মাদক সম্রাট এল চাপ্পো গুজম্যানের ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হলো দেশটির পুলিশ।

বৃহস্পতিবার অভিডিও গুজম্যানকে আটকের পর ভারি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলাসহ ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।

এনডিটিভি জানায়, এল চাপ্পোর ছেলেকে গ্রেপ্তারের ঘটনায় তার নিজের শহর কুলিয়াক্যানসহ আশেপাশের শহরগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় এই মাদক সম্রাটের অনুসারীরা।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধসহ পেট্রোল স্টেশন ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে তারা। একপর্যায়ে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালালে অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই অস্থিরতার সুযোগ কারাগার থেকে অনেক বন্দী পালিয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশের ওপর সশস্ত্র হামলাসহ অঞ্চলজুড়ে সহিংসতা চরম আকার ধারণ করলে অভিডিও গুজম্যানকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী আলফোনসো দুরাজো জানান, সহিংসতা থামাতে, নিরাপত্তা বাহিনীর জীবন বাঁচাতে সর্বোপরি পরিস্থিতি শান্ত করতে অভিডিওকে ছেড়ে দেওয়া হয়েছে।

এল চাপ্পোর ছেলে ছেড়ে দেওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। সহিংসতায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বিভিন্ন ভিডিওতে বেশ কয়েকজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।