ভারতের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রতারণা ও অন্যের ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার মনোজ প্রভাকরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রভাকর ছাড়াও মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী ফারহিন প্রভাকর, তাদের ছেলে ও আরও দু’জনকে।

পুলিশের একটি সূত্রে খবর, প্রতারণা ছাড়াও তাদের বিরুদ্ধে জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, দিল্লির এক বৃদ্ধার ফ্ল্যাট জবরদখল করার অভিযোগ উঠেছে মনোজ প্রভাকর ও বাকিদের বিরুদ্ধে।

ওই বৃদ্ধা দীর্ঘ সময়ের জন্য লন্ডনে ছিলেন। অভিযোগ, সেই সুযোগে ফ্ল্যাটের দখল নেন মনোজরা। এখানেই শেষ নয়। সন্ধ্যা শর্মা পণ্ডিত নামে ওই মহিলার আরও অভিযোগ, তিনি ফ্ল্যাট ফেরত চাইলে, উল্টো প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে পুলিশ জানতে পারে, ফ্ল্যাট বন্ধ করে কিছুদিনের জন্য লন্ডনে গিয়ে ছিলেন ওই বৃদ্ধা। সেই সুযোগে তার ফ্ল্যাটের যাবতীয় কাগজপত্র জাল করা হয়। এমনকি বৃদ্ধার দীর্ঘ অনুপস্থিতিতে তার ফ্ল্যাটের সদর দরজার চাবিও ভেঙে ফেলা হয়। বৃদ্ধার ঘরে থাকা জিনিসপত্রও সব খোয়া গিয়েছে।

পুলিশ খবর নিয়ে জেনেছে, নয়াদিল্লির সর্বপ্রিয়া বিহারে এক অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে ভারতের হয়ে ৩৯টি টেস্ট ও ১৩০টি ওয়ানডে খেলা মনোজ প্রভাকরের ফ্ল্যাট। একই অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে বৃদ্ধার ফ্ল্যাট।

অভিযোগ প্রসঙ্গে মনোজ প্রভাকরের বক্তব্য অবশ্য জানা যায়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, আইপিসির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।