ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ডোঙা (তালগাছের খোল) বাইচ। গতকাল শুক্রবার সকালে ধোপাঘাটা ব্রিজ এলাকায় এ বাইচ হয়। বাইচ দেখতে নদীপাড়ে ভিড় করেন শত শত মানুষ। ধোপাঘাটা-গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি এ বাইচের আয়োজন করে।
এ সময় নদীতীরে দাঁড়িয়ে নানা বয়সের বিপুলসংখ্যক দর্শক এ বাইচ উপভোগ করেন। শহরের গোবিন্দপুর এলাকা থেকে বাইচ শুরু হয়ে দুই কিলোমিটার দূরের ধোপাঘাটা এলাকায় শেষ হয়। এতে অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকার ২২টি নৌকা। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন বেশি বেশি করার দাবি জানান দর্শনার্থীরা। আর এতে অংশ নিয়ে খুশি অংশগ্রহণকারীরা।
ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন টিপু বলেন, দখল আর দূষণে নবগঙ্গার যৌবন হারিয়ে গিয়েছে। তাই সরকার যদি দখলদারদের উচ্ছেদ করে নদী খনন করে তাহলে এ ধরনের আয়োজন আরও ভালোভাবে করা সম্ভব।