এগারো বছরের রাবিনা আক্তার। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী আশ্রয়ণ প্রকল্পের মৃত রিপন আকনের মেয়ে। জটিল কিডনি রোগে আক্রান্ত। পিতৃহীন দরিদ্র পরিবারের এই মেয়েটির পরিবার চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় অর্থাভাবে নিভে যাচ্ছে তার জীবনপ্রদীপ।
রাবিনার পরিবার সূত্রে জানা যায়, তিন বছর বয়সে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন মা আসমা বেগম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে আসমা বেগম সন্তানদের নিয়ে কোনো রকম চলছিলেন। এরই মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে রাবিনা। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে চিকিৎসক জানান, রাবিনা কিডনি সমস্যায় আক্রান্ত। চিকিৎসার জন্য দরকার প্রায় তিন লাখ টাকা। কিন্তু রাবিনার মা আসমা বেগমের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। মেয়েকে চিকিৎসা করাতে না পেরে চলে আসেন গ্রামে।
রারিনার মা আসমা বেগম জানান, হতাশ হয়ে পড়েছেন তিনি। সহযোগিতার জন্য হাত পেতেছেন সমাজের হৃদয়বান মানুষের কাছে। তাদের সহযোগিতায় হয়তো ফিরে পাবে তার অসহায় মেয়েটির জীবন। সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন ০১৭৪৮৪৬৭৭২৪ এই নম্বরে (আসমা বেগম) রাবিনার মা।