মহাদেবপুর ও দুমকিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে পুকুরে ডুবে ওসমান গনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, গ্রামের লিটন সিকদারের ছেলে ওসমান আঙিনায় খেলতে গিয়ে সামনের পুকুরে পড়ে ডুবে যায়।

অন্যদিকে, নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নূর মোহাম্মদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বান্দ কুড়মইল গ্রামে। মৃত শিশু ওই গ্রামের জনাব আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির বারান্দায় শিশুকে বসিয়ে রেখে তার মা গোসল করতে যান। পরে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশু নূরের ভাসমান মৃতদেহ উদ্ধার করেন তারা।