সন্তান ফেলে পালাল মা

পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া এলাকার একটি গলি থেকে এক মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শিশুটিকে সেখানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির মা তাকে সেখানে রেখে পালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটির মা রিমু আক্তার নামের এক নারী। তার স্বামীর বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। ওই নারীর বাবার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এবং নানাবাড়ি পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া এলাকায়। রিমু শিশুসন্তানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার নানাবাড়ি এলাকায় আসেন। কামাতপাড়া এলাকার পেয়ারা মজুমদার নামে এক গৃহবধূকে তার সন্তানটিকে রাখতে বলেন। কিন্তু তিনি বিরক্তি প্রকাশ করে তাকে পরে আসতে বলেন। রাত আটটার দিকে কামাতপাড়া এলাকার অশোক চন্দ্র মোদকের বাড়ির সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এলাকার জুয়েল ও তার মা জুলেখা খাতুন। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটিকে দেখার জন্য হাসপাতালে ছুটে যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার ইউসুফ আলী শিশুটিকে দেখতে হাসপাতালে যান। এ সময় জেলা প্রশাসক শিশুটির দেখভাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য হাসপাতালে নিঃসন্তান দম্পতিদের ভিড় পড়ে যায়। তবে গতকাল বিকেল পর্যন্ত শিশুটির মাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সদর হাসপাতালের চিকিৎসক সিরাজউদ্দৌলা পলিন জানান, শিশুটি হাসপাতালের শিশু পরিচর্যা কেন্দ্রে সুস্থ আছে।