আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তেঘরিয়া গ্রামে গতকাল শনিবার দুপুরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন রুমি খাতুন (৩৪), সোনিয়া খাতুন (২৩), লতিফা খাতুন (৪৫), রুবেল হোসেন (২৪), আব্দুল হাকিম (৪৫), ইউনুস আলী (৪৭) ও মিরাজ হোসেন (৩৪)।
স্থানীয়রা জানায়, তেঘরিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন ও তার ভাই মিরাজ হোসেন। মিরাজ সারুটিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থক। আর ফিরোজ বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসানের সমর্থক।
গতকাল দুপুরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহের জের ধরে বাগ্্বিতন্ডা হয়। এরপর উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, তেঘরিয়া গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।