পটুয়াখালির গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের এলাকায় গেলে বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
১৪ আগস্ট পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে হামলার শিকার হন নুরুল হক নুর। নুরদের পক্ষ থেকে এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
এরপর শনিবার শাহিন শাহকে ধাওয়া দেওয়ার খবর পাওয়া গেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্লীলতাহানির মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন শাহিন শাহ। শনিবার চরবিশ্বাস এলাকায় মৎস্যজীবী লীগের বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত হন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তারা জানান, শনিবার দুপুরের দিকে শাহিন মোটরসাইকেল শোডাউন নিয়ে বুধবাড়িয়া বাজারের কাছে পৌঁছলে স্থানীয়রা তার বিরুদ্ধে মিছিল প্রদর্শন করে তাকে স্থান ত্যাগে বাধ্য করেন।
শাহিনের সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু, সহ-সভাপতি মানিক মিয়া ও মজিবুর রহমান প্যাদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু ভূঁঞাসহ অনেক নেতাকর্মী স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহকে শনিবার রাতে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, আমি কিছু দেখিনি। লোকমুখে শুনেছি।
গলাচিপা থানার এসআই মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোকজন জড়ো হয়ে ঝামেলা করতে চাইছিল। কিন্তু পুলিশ থাকায় সম্ভব হয়নি।