মাদকসেবীর হাত থেকে মেয়েকে বাঁচাতে আকুতি

‘মাদকসেবীর কাছে আমার মেয়েকে বিয়ে দেব না। এছাড়া আমার মেয়ের বিয়ের বয়সও হয়নি। কিন্তু তারা (ছেলে পক্ষ) আমার মেয়েকে জোর করে বিয়ে করিয়ে নিতে চায়। বিয়ে না দিলে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছে।’

এভাবেই কথাগুলো বলছিলেন ভুক্তভোগী এক নারী। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা।

গতকাল শনিবার দুপুরে তিনি জানালেন, মেয়ের সঙ্গে ওই ছেলের ছবি যুক্ত করে ফেইসবুকে ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে গিয়ে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা পাননি।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুদিন আগে তিনি লিখিত অভিযোগ করেছেন। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও তার মেয়ে লিখিত অভিযোগ দিয়েছিল।

অভিযোগ সূত্র ও কথা বলে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার বাসিন্দা ওই নারী দুই মেয়ে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শহরের দক্ষিণ মৌড়াইলে ভাড়া বাসায় বসবাস করেন। স্বামীর সঙ্গে ওই নারীর বনিবনা নেই। তার বড় মেয়ে ২০১৮ সালে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছাতিয়ানের আলী আকবের ছেলে আব্দুল্লাহ আল-মামুন কুপ্রস্তাব দিত। এক পর্যায়ে বিয়েরও প্রস্তাব দেয়।

কিন্তু আব্দুল্লাহ মাদকাসক্ত হওয়ায় তিনি বিয়ে দিতে রাজি হননি। এক পর্যায়ে আব্দুল্লাহর হুমকির মুখে মেয়েটি স্কুল যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এতেও পিছু ছাড়েনি আব্দুল্লাহ। রাজি না হওয়ায় এখন অকথ্য ভাষায় গালাগাল করাসহ অশ্লীল ছবি ফেইসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি গত ১০ অক্টোবর আব্দুল্লাহ মোবাইল ফোনে অশ্লীল ছবি পাঠিয়েছে।

তবে আব্দুল্লাহ আল-মামুন এসব অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ের আলাপ চলছিল। মেয়ের পরিবার ১০ লাখ টাকা কাবিন করানোর কথা বলায় বিয়ে হয়নি।’