বগুড়ার ধুনটে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষক্রিয়ায় নিয়াজুল ইসলাম (৩৫) ও মহিদুল ইসলাম (৩২) নামে দুই শ্রমিক মারা গেছেন। গতকাল রবিবার সকালে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে। নিয়াজুল গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের মৃত কাজেম ম-লের ছেলে এবং মহিদুল একই গ্রামের সৈয়দ আলীর ছেলে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে নতুন শৌচাগার নির্মাণের কাজ চলছিল। কয়েক দিন আগে সেই শৌচাগারের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়। গতকাল সকালে দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নেমে সাটারিং খুলতে যান। এর পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। স্থানীয় লোকজন নিয়াজুলকে মৃত এবং মহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মহিদুলকেও মৃত ঘোষণা করেন।