ডেঙ্গুতে প্রাণ গেল ভারতীয় শিশুশিল্পীর

ডেঙ্গু কেড়ে নিল ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় শিশুশিল্পী গোকুল সাই কৃষ্ণার প্রাণ। টেলিভিশন শো ড্রামা জুনিয়র্সের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা মারা যায় বৃহস্পতিবার।

ভারতীয় গণমাধ্যম জানায়, পরিবারের সঙ্গে অন্ধ্রপ্রদেশের মদনাপল্লিতে থাকতো গোকুল। দুই দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রবল জ্বরে ভুগছিল এই শিশুশিল্পী। অবস্থা গুরুতর হলে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে গোকুল।

জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেলের একটি অনুষ্ঠানে কুতুমবাম অ্যাওয়ার্ডসে শেষ তাকে দেখা গিয়েছিল।

জুনিয়র বালাকৃষ্ণ নামেই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল গোকুল। অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণের অনুকরণ করায় তার এই নামকরণ।

কয়েক দিন আগেই গোকুলের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বালাকৃষ্ণ।

তেলুগু ইন্ডাস্ট্রি গোকুলের মৃত্যুতে শোকাহত। টেলিভিশন সঞ্চালক অনসূয়া ভরদ্বাজসহ অনেকে সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে শোক জানান। ড্রামা জুনিয়র্সের অনুষ্ঠানের তোলা একটি ছবিটি দেন অনসূয়া। সেখানে মশা থেকে শিশুদের দূরে রাখার জন্য একটি বার্তাও দেওয়া হয়।