অস্ট্রেলিয়ায় বিতর্কিত আইন

কালিতে মোড়া প্রতিবাদ

সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে বিতর্কিত আইন করার কারণে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো। প্রথম পাতায় কোনো সংবাদ না ছেপে ভিন্নধর্মী এই প্রতিবাদ জানিয়েছে দেশটির পত্রিকাগুলো। গতকাল সোমবার পত্রিকাগুলোর প্রথম পাতা ছিল কালো কালির লাইনে ভরা। ‘সিক্রেট’ লেখা লাল কালির সিল মেরে পত্রিকা ছাপা হয় বলে জানিয়েছে বিবিসি।

দেশটির ন্যাশনাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অস্ট্রেলিয়ার কিছু শীর্ষস্থানীয় পত্রিকা। এ লক্ষ্যে জোটবদ্ধ হয়ে ভিন্ন পন্থায় প্রতিবাদ জানিয়েছে তারা। পারস্পরিক প্রতিদ্ব›িদ্বতা ভুলে গিয়ে একই দাবিতে শামিল হয়েছে দ্য অস্ট্রেলিয়ান, দ্য সিডনি মর্নিং হেরাল্ড, অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউয়ের মতো পত্রিকা।

ওই আইনে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে দাবি করছে পত্রিকাগুলো। সাংবাদিকরা বলছেন, আইনটিতে অস্ট্রেলিয়ায় ‘গোপনীয়তার সংস্কৃতি’ চালু করবে।

বিবিসি জানায়, সাংবাদিকদের কাছে সরকারের কিছু গোপন তথ্য ছিল। এর মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য ও দেশটির নাগরিকদের ওপর সরকারি সংস্থার গুপ্তচরবৃত্তির চেষ্টা অন্যতম। এসব তথ্য সংবাদমাধ্যমে প্রচার হলে ক্ষতির মুখে পড়বে সরকার, এই ভেবে তা উদ্ধারে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরিপ্রেক্ষিতে গত জুন মাসে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে (এবিসি) ও নিউজ কর্প অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সংবাদপত্রগুলো দাবি করছে, বিতর্কিত এই আইনের কড়াকড়ি আরোপের কারণে দুই দশক ধরে দেশটির অনুসন্ধানী সাংবাদিকতা ঝুঁকির মধ্যে পড়েছে। জনগণের জানার অধিকার খর্ব করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।

অস্ট্রেলিয়ার প্রিন্ট মিডিয়াগুলোর প্রতিবাদকে সমর্থন জানিয়েছে দেশটির ইলেকট্রনিকস মিডিয়াগুলো। ‘রাইট টু নো কোয়ালিশন’ ব্যানারে এই প্রতিবাদে সমর্থন জানিয়েছে দেশটির বেশ কয়েকটি টেলিভিশন ও রেডিও চ্যানেল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব অনেক। তবে আইনের শাসন ধরে রাখতে হবে। সাংবাদিকরাও আইনের বাইরে নয়। আইন সবার জন্যই সমান।’

ছয় দফা দাবিতে প্রতিবাদমুখর হয়েছে সংবাদমাধ্যমগুলো। মূল দাবি, বিতর্তিক ওই আইন থেকে সাংবাদিকদের অব্যাহতি দিতে হবে। ওই আইনে খুব সহজেই সাংবাদিকদের আইনের আওতায় আনা যাবে।