কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ

সম্মেলন প্রস্তুতি কমিটিতে মৃত ব্যক্তির নাম

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হয়েছেন একজন মৃত ব্যক্তি। গত ২০ অক্টোবর অনুমোদিত এ কমিটির সদস্য অধ্যক্ষ আইয়ুব আলী চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মারা যান। মৃত ব্যক্তিকে কমিটিতে রাখায় এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের গত ১৪ অক্টোবর দলের ধানম-ি কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর রাতে ২৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ কমিটির ২৬ নম্বর সদস্য চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলী আট মাস আগে মারা যান।

প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ বলেন, ‘গত রবিবার রাতে কমিটি হাতে পাওয়ার পর বিষয়টি নজরে এসেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুর পর আমাদের জেলা আওয়ামী লীগ যদি কেন্দ্রকে না জানায় তাহলে কেন্দ্রের দোষ কোথায়? আর এ কমিটি চূড়ান্ত করার আগে খসড়া আমাদের দেখানো হলে হয়তো এ অনাকাক্সিক্ষত ভুল হতো না। আমরা আজ (গতকাল সোমবার) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে বিষয়টি সংশোধন করার চেষ্টা করব।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ম. রুহুল আমীন বলেন, কমিটির কোনো সদস্য দলত্যাগ করলে বা মারা গেলে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানোর দায়িত্ব জেলা কমিটির সভাপতি বা সম্পাদকের।