প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে দল পাননি সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের ১১ ক্রিকেটারের কেউই। পাননি বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো ক্রিস গেইল-লাসিথ মালিঙ্গারাও। অন্যদিকে সুযোগ হয়েছে আফগানিস্তানের চার ক্রিকেটারÑ রাশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রেহমান ও কাইস আহমেদ।
রবিবার ইংল্যান্ডের স্কাই স্টুডিওতে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে মোট ৯৬ জন ক্রিকেটারকে দলে ভেড়ায় আটটি ফ্র্যাঞ্চাইজি। তবে অবিক্রীত ছিলেন ৪৭৪ জন ক্রিকেটার। আগামী বছর ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের আট শহরে হবে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট। ১০০ বলে হবে প্রতিটি ম্যাচ।