অজ্ঞান পার্টির কবলে সব হারালেন পুলিশ

অজ্ঞান পার্টির কবলে পড়ে টাকা ও মোবাইল হারিয়েছেন রাকিব হোসেন (২২) নামে এক পুলিশ সদস্য।

মঙ্গলবার সকালে পুলিশ যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রাকিব লক্ষ্মীপুর পুলিশ লাইনসে কর্মরত। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের শামছুল হুদার ছেলে।

রাকিব জানান, তিনি সোমবার রাতে ঢাকার গাবতলি থেকে এস আলম পরিবহনের একটি বাসে যশোরের আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন। রাত একটার দিকে আরিচা ফেরিঘাটে একটি ডাব খান। এরপরে কী হয়েছে- তা বলতে পারেন না। জ্ঞান  ফিরে দেখেন, তিনি হাসপাতালে। তার পকেটে থাকা দশ হাজার টাকা ও একটি অ্যানড্রোয়েড ফোন আর পাননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লহ সবুজ বলেন , তাকে কেউ চেতনানাশক দ্রব্য পান করিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার জ্ঞান ফিরেছে; তিনি আশঙ্কামুক্ত।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।