সাকিব আল হাসানদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন- ফিকা (ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার’স অ্যাসোসিয়েশন)। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফার প্রতি সমর্থন জানায় সংগঠনটি।
অফিশিয়াল বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেদের ন্যায্য দাবি আদায়ে একীভূত হওয়ার জন্য এবং এক সঙ্গে অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করছে ফিকা। আমরা যেটাকে গুরুত্বপূর্ণ একটা ক্রিকেট দেশ হিসেবে বিবেচনা করি, সেখানে খেলোয়াড়দের যেভাবে মূল্যায়ন করা হয় এবং এর প্রেক্ষিতে যে পরিবর্তন প্রয়োজন এটা তার পরিষ্কার ইঙ্গিত।’
সাকিবরা যে ১১ দফা দাবি পেশ করেছেন তার প্রথমটিতেই রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন- কোয়াবের কর্মকর্তাদের পদত্যাগ। ফিকা কোয়াবের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে, ‘খেলোয়াড়দের সংগঠনের দায়িত্ব এই ব্যাপারে আওয়াজ তুলবে। ক্রিকেটারদের সংকটের সময় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাদের যথাযথ দায়িত্ব পালন করছে বলে প্রতীয়মান হচ্ছে না। এটা আমাদের কাছে উদ্বেগের। আরও বড় উদ্বেগের বিষয় এই যে, কোয়াবের কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন পদে আছেন।’
কোয়াবের সদস্যপদের ব্যাপারটি পুনরায় পর্যালোচনা করা হবে বলে জানায় ফিকা। বিবৃতিতে ফিকা আলাদা পয়েন্ট উল্লেখ করেছে কোয়াবের সদস্যপদ নিয়ে। বলেছে, ‘লন্ডনে এই মাসের শুরুতে অনুষ্ঠিত বার্ষিক সভায় ফিকা বোর্ড পরিবর্তিত নীতিমালা ও ফিকার সদস্যপদের জন্য ন্যূনতম কর্মকাণ্ড ঠিক করা নিয়ে আলোচনা করা হয়েছে। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এই কর্মকাণ্ডের আওতায় সদস্য ক্রিকেটার অ্যাসোসিয়েশনগুলি আসলেই বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হতে হবে এবং সংশ্লিষ্ট গভর্নিং বডি থেকে স্বতন্ত্র থাকতে হবে।’