কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ (৪৫), ওই ইউনিয়নের সচিব মোহন চাঁদ মজুমদার ও ৯ নং ওয়ার্ডের মেম্বার সিদ্ধার্থ বাড়ৈ (৪২)।

জানা গেছে, কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে আক্রান্তরা মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথে মাচারতারা নামক স্থানে বেশ কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান ও মেম্বারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মোহন চাঁদ মজুমদারকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।  

আহত চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, একই এলাকার নারায়ণ চন্দ্র হালদার ও শসীন রায়ের (মরাই) সঙ্গে বেশ কিছু দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলে আসছে। এরাই সন্ত্রাসী ভাড়া করে তাকে হত্যা করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসী মুখোশ পড়ে ছিল।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া জানিয়েছেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।