গত ৩ অক্টোবর দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত ‘সাক্ষাৎ আতঙ্ক শহীদ কমিশনার’ ও ১৫ অক্টোবর প্রকাশিত ‘ঢালকা নগরে একটি পরিবারকে হুমকির অভিযোগ’ সংবাদ দুটির প্রতিবাদ জানিয়েছেন শহীদুর রহমান শহীদের মেয়ে শাহানা আক্তার। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের মাধ্যমে পাঠানো পৃথক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ‘সাক্ষাৎ আতঙ্ক শহীদ কমিশনার শিরোনামে প্রকাশিত সংবাদটি শহীদ কমিশনারের ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ক সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। অনির্ভরযোগ্য ব্যক্তিদের দেওয়া অসত্য তথ্যনির্ভর সংবাদ প্রকাশ আইন ও অধিকারের লঙ্ঘন। জনমনে বিভ্রান্তি ও অসাধু উদ্দেশে বক্তিগত স্বার্থে ও কালিমাযুক্ত করতে স্বার্থান্বেষী মহল পত্রিকায় এ ধরনের সত্য-মিথ্যা তথ্য দিয়েছে। যা যাচাই ও যোগাযোগ না করে প্রকাশ সমীচীন নয়। এ কারণে ওই সংবাদের প্রতিবাদ করে আপত্তি জানানো হলো।’ ১৫ অক্টোবর প্রকাশিত সংবাদের প্রতিবাদেও প্রায় একই বক্তব্য দিয়েছেন শাহানা আক্তার।
প্রতিবেদকের বক্তব্য : প্রথম প্রতিবেদনটি গেন্ডারিয়া এলাকায় সরজমিন অনুসন্ধানপূর্বক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য নিয়ে তৈরি করা হয়েছে। শহীদ কমিশনারের সঙ্গে আমাদের ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিরোধ নেই। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ কমিশনারের প্রসঙ্গে যে সব তথ্য উপস্থাপন করেছেন সেটাই তুলে ধরা হয়েছে। শহীদ কমিশনার যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ঢালকা নগরের বাসায় গেলে সেখান থেকে জানানো হয় তিনি যুক্তরাষ্ট্রে আছেন। এছাড়া গত ১৫ অক্টোবর যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা ছিল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে একটি সংবাদ সম্মেলনে গেন্ডারিয়ার স্থানীয় একটি পরিবারের উত্থাপিত লিখিত অভিযোগ। এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য নিয়ে প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেটা অনিচ্ছাকৃতভাবে ছাপা পত্রিকায় বাদ পড়েছে।