টেকনাফে আটকের পরদিন ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ছলিম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ছলিম ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ওই ইউনিয়নের চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত ২২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম ডাকাতকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তি মতে ২৩ অক্টোবর ভোর ৪টার দিকে উপজেলার কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে আগে থেকে ওৎপেতে থাকা সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে টেকনাফ থানা পুলিশের এসআই আরিফুর রহমান, কনস্টেবল আব্দুস শুক্কুর ও মেহেদী গুরুতর আহত হয়। এ সময় সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড খালি খোসা এবং ১০০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।