আঞ্চলিক তারকা থেকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি পৌঁছে গেছে তামিলনাড়ুর অভিনেতা প্রভাসের। বুধবার তার জন্মদিন। মধ্যরাত থেকেই এই নায়কের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুভেচ্ছার বন্যায় বয়ে যাচ্ছে।
চেন্নাইয়ে জন্ম নেওয়া ‘সাহো’ অভিনেতার পুরো নাম ভেঙ্কটা সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলাপতি। তার চাচা উপ্পলাপতি কৃষ্ণম রাজুকে বলা হয় তেলুগু ছবির শত্রুঘ্ন সিনহা।
প্রভাসের বর্তমান পরিচিতির পেছনে সবচেয়ে বেশি অবদান ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির। তিনি হলেন ভারতের প্রথম অভিনেতা যার ছবি মাত্র ১০ দিনে ১ হাজার কোটি রুপির ব্যবসা করেছে। একই ছবি ‘বাহুবলি দ্য কনক্লুশন’ দেড় হাজার কোটি রুপি বক্স অফিস কালেকশনের প্রথম ছবিও।
এই সিনেমার কারণে ২০১৭ সালে প্রভাসকে সবচেয়ে প্রভাবশালী তরুণদের তালিকার ষষ্ঠ স্থানে রাখে জিকিউ পত্রিকা।
‘বাহুবলি’র জন্য প্রভাসকে ১০০ কেজি ওজনে পৌঁছাতে হয়েছিল। নির্দিষ্ট কিছু আমিষ ডায়েটেই দীর্ঘ সময় থাকতে হয়েছিল তাকে। ওই সময় শুধু মাংসপেশির ওজন দাঁড়ায় ২০ কেজি। তখন মাসে মাত্র একদিন একটু নিজের ইচ্ছা মতো খাওয়ার সুযোগ পেতেন। ওই দিনগুলোতে প্রাণভরে বিরিয়ানি খেতেন।
প্রভাসের সবচেয়ে প্রিয় তেলুগু ছবি ‘ভক্ত কন্নাপ্পা’, যেখানে অভিনয় করেছিলেন তার চাচা উপ্পলাপতি। এ ছাড়া বলিউডের রাজকুমার হিরানির বড় ভক্ত তিনি। ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘থ্রি ইডিয়টস’ নাকি ২০ বার করে দেখেছেন। আর প্রিয় হলিউড অভিনেতা হলেন রবার্ট ডি নিরো।