ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেওয়া একটি বক্তব্য ‘গণমাধ্যমে খণ্ডিতভাবে এসেছে’ দাবি করলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘রাশেদ খান মেনন এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি অলরেডি ‘ইউটার্ন’ নিয়ে ফেলেছেন’’।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তিনি বলেছেন তিনি এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।’
কাদের বলেন, ‘তিনি (মেনন) একটা দলের সভাপতি, পত্রপত্রিকায় নানান ধরনের খবর আসছে এর প্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যায়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে সে বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়।’
শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোনো ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না। ’
সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’
সরকারের চলমান অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। দলের মধ্যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি মাদক ও টেন্ডারবাজি সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ পরে আপনাদের জানিয়ে দেব।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তাভাবনা করছে। কাজেই নির্বাচনের বেশি দিন বাকি নেই। সিটি করপোরেশন নির্বাচনেরও একটা প্রস্তুতি নিতে হবে।
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, উত্তরের সাধারণ সম্পাদক সংসদ সদস্য সাদেক খান, আসলাম খান, ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।