চবি ভর্তি পরীক্ষা: ৫০০ টাকার হোটেল ভাড়া হয়ে গেল চার হাজার

স্বাভাবিক সময়ে এসব হোটেলর ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীর এসব হোটেলর ভাড়া নতুন করে নির্ধারণ হয়েছে চার হাজার পর্যন্ত।  

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বুধবার পৌরসভার বাসস্টেশন এলাকায় তিনটি আবাসিক হোটেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিরিক্ত ভাড়া নির্ধারণের দায়ে এক হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে।

দুই আবাসিক হোটেলের কাছ থেকে মুচলেকা নিয়ে বৃহস্পতিবারের মধ্যে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোহাম্মদ রুহুল আমিন জানান,  দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন। এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় লাগোয়া আবাসিক হোটেলগুলো শিক্ষার্থীদের কাছ মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে।

তিনি জানান, অন্য সময় এসব আবাসিক হোটেলে একটি কক্ষের ভাড়া নেয়া হয় তিন শ পাঁচ টাকা। কিন্তু চবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আবাসিক হোটেলের মালিকরা একটি কক্ষেরই ভাড়া নিচ্ছেন তিন থেকে চার হাজার টাকা। যারা অগ্রিম কক্ষ বুকিং করেছে তাদের কাছ থেকেও বাড়তি টাকা আদায় করছে।

রুহুল আমিন আরো জানান, এসব বিষয় অবহিত হওয়ার পর পৌরসভার বাসস্টেশন এলাকায় আলী ফাতেমা, হাটহাজারী গেস্ট হাউস ও ক্যাফে হামিদা নাম তিনটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় আলী ফাতেমা হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া বাকি দুই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বৃহস্পতিবারের মধ্যে হোটেলের বাইরে দৃশ্যমান জায়গায় কক্ষ ভাড়ার তালিকা টানিয়ে দিতে নির্দেশ দিই।