বেগমগঞ্জে কিশোর গ্যাং মামা বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ১২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশ গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং মামা বাহিনীর প্রধান জনি ওরফে মামা জনিসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করেছে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ জানান, মঙ্গলবার গভীর রাতে পুলিশ একলাসপুর এলাকার একটি বাড়ি থেকে কিশোর গ্যাং মামা বাহিনীর কমান্ডার জনি ওরফে মামা জনিকে (২৪) গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি লাইটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানার উপপরিদর্শক বাবর আলী বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।

একই রাতে পুলিশ অভিযান চালিয়ে জয়কৃষ্ণপুর গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক গোলাম মাওলা মিরাজকে এবং ডাকাতি ও হত্যা মামলার আসামি জহিরকে (২৪) হাজিপুর থেকে গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, কিশোর গ্যাং হোক আর যুব গ্যাং হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।