কবি শামসুর রাহমানের ৯১তম জন্মদিন উদ্‌যাপন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯১তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা, নিবেদিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার বিকেলে একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ।

এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্মৃতিচারণা ও আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহাম্মদ নূরুল হুদা, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

কবিকে নিবেদিত কবিতাপাঠে অংশ নেন রবিউল হুসাইন, আনোয়ারা সৈয়দ হক, কাজী রোজী, লিলি হক, শিহাব সরকার, পিয়াস মজিদ প্রমুখ। আবৃত্তি করেন রফিকুল ইসলাম, লায়লা তারান্নুম কাকলী, ফয়জুল আলম পাপ্পু। সংগীত পরিবেশন করেন রফিকুল আলম ও আবিদা রহমান সেতু। নৃত্য পরিবেশন করেন সাহিদা রহমান সুরভি। অনুষ্ঠানে শামসুর রাহমানের পুত্র ফাইয়াজ রাহমান, পুত্রবধূ টিয়া রাহমান, পৌত্রী নয়না রাহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তারিক সুজাত এবং বাংলা একাডেমির উপপরিচালক কবি আমিনুর রহমান সুলতান ও শাহাদাৎ হোসেন নিপু।