চুনোপুঁটি নয়, জনগণ সরকারের অপসারণ চায় : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু জনগণ তাতে সন্তুষ্ট নয়। জনগণ এসব টোকাই-চুনোপুঁটিদের অপসারণ চায় না। জনগণ চায় অবৈধ সরকারের অপসারণ।

বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাবেক ছাত্রদল নেতাদের কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে যারা মারল তারাও শিক্ষিত, কিন্তু তারা কেন মেরেছে, তারা সেটাও বলেছে, বড় ভাইয়া বলেছে, এজন্য তারা ধরে এনেছে, মেরেছে। এভাবে মেধাবী ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগেই বলেছিলেন, সরকার জাতিকে মেধাশূন্য করতে চায়। আবরার হত্যার মধ্য দিয়ে তার সে কথা আজ পুরোপুরি সত্যে পরিণত হলো।

মির্জা আব্বাস বলেন, আবরারের একমাত্র ছোট ভাইকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। আবরারের ছোট ভাই নিরাপত্তা শঙ্কায় ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। সমাবেশে তিনি আবরার হত্যাকারীদের বিচার এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

ভোলার ঘটনা উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, স্বাধীনতা আজ কোথায় গেল? কেউ স্বাধীনভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। ভোলায় নিরীহ মানুষদের পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু একজন সাংবাদিক এ নিয়ে কথা বলায় তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হলো।