দাবি মেনে নেওয়া বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

কাটল অচলাবস্থা। ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। শুক্রবার থেকেই শুরু হবে ভারত সফরের ক্যাম্প। অন্যদিকে শনিবার মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্দোলনরত ক্রিকেটারদের মধ্যে বৈঠক শেষে এই ঘোষণা আছে।

বিসিবির পক্ষে সংবাদমাধ্যমে কথা বলেন স্বয়ং সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের মধ্যে কথা বলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার আন্দোলনের ডাক এসেছিল তার কণ্ঠেই। দুজনই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান।

সোমবার ১১ দফা দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। মঙ্গলবার সেই আন্দোলনের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে বিসিবি। সেখানে বিসিবি সভাপতি নিজেদের কঠোর অবস্থানের কথাই ব্যক্ত করেছিলেন।

তবে বুধবার দুপুরেই ক্রিকেটারদের আলোচনার আহ্বান জানানো হয় বিসিবির পক্ষ থেকে। বিকেল ৫টায় ক্রিকেটারদের সঙ্গে বসার কথা জানিয়েছিলেন বিসিবি কর্তারা। এর আগে দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

তবে ক্রিকেটাররা প্রথমে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। সেখানে আইনজীবীর মাধ্যমে নতুন দুটি দাবি (রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সমান মর্যাদা) জানান তারা। পরে সেখানে সবাই মিলে রাতেই বিসিবির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন।

মিরপুরে বিসিবির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয় দুই পক্ষের। এরপর রাত সোয়া ১১টার দিকে সংবাদ সম্মেলনে আসেন তারা। নাজমুল হাসান পাপন শুরুতে বক্তব্য রাখেন। বলেন, আগের ১১ দফা দাবি নিয়েই আলোচনা হয়েছে এবং তা ফলপ্রসূ হয়েছে।  

বিসিবি প্রধান পাপন বলেন, ‘আপনারা জানেন আমরা একটু আগে বসেছিলাম খেলোয়াড়দের সাথে। ওরা এসেছে, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের বেশ কিছু দাবি দাওয়া ছিল। এর মধ্যে বেশির ভাগই আমি কালকেই আপনাদের জানিয়েছিলাম যে, বেশির ভাগই মানার মতো। এটা ওরা আসলেই হয়ে যাবে এবং আজকে তাই হয়েছে।’

ক্রিকেটারদের প্রথম দাবি ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াবের কর্মকর্তাদের পদত্যাগ। বিসিবি বস জানান, ‘এখানটায় যে দাবিগুলো ছিল ওদের, ওই ১১টা দাবির মধ্যে প্রথমটা যেটা বলেছে (কোয়াব), এটা আমাদের বিসিবির কিছু করণীয় নেই। আর শেষটা আমরা বলেছি, দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ (দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেওয়া), এটা আমরা দেখব। যদি কেউ আসে কেস টু কেস...।’

পাপন যোগ করে বলেন, ‘আমাদের জানা মতে একাধিক খেলোয়াড় নেই যারা কিনা দুটির বেশি ফ্র্যাঞ্চাইজিতে (সুযোগ) পায়। যদি এটা আসে, তখন আমরা দেখব। কিন্তু সেটা এখনই আমরা কিছু বলতে চাচ্ছি না। কারণ এখানে আমাদের কিছু চিন্তা ধারার কারণেই আমরা নিয়ম করেছিলাম। এটার পেছনে আমাদের কিছু কারণ ছিল। তারপরও আমরা বলেছি, যদি এ রকম আসে এবং সুযোগ থাকে তবে আমরা দেখব।’

বিসিবি প্রধান বাকি ৯ দাবির কথা উল্লেখ করে বলেন, ‘এ ছাড়া বাকি যে দাবিগুলো ছিল, ৯টা দাবি। এই দাবির মধ্যে কয়েকটা তো ছিল আমরা আগেই আপনাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে এটা সম্ভব। যেমন- ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে আগের মতো চলে যাওয়া। আমরা বলেছি ঠিক আছে। তারপর বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এবারের পর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করা। আমরা বলেছি ঠিক আছে। এগুলো আমরা কালকেই বলে দিয়েছিলাম।’

‘এর মধ্যে বাকি ছিল- মেজর একটা জিনিস নিয়ে দ্বিধা ছিল। যে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো। এই সুযোগ-সুবিধার মধ্যে একটা ছিল তাদের পারিশ্রমিক, অ্যালাউন্স ছিল এবং কিছু ফ্যাসিলিটি খেলার। এগুলো নিয়ে ওদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা ওদেরকে বলেছি কি ছিল, কোথায় এসেছে। ওরা যেটা বলেছে, আমরা এ ব্যাপারে কোনো কার্পণ্য করব না।’

এই সুযোগ-সুবিধা দুই-তিন দিনের মধ্যেই বাড়ানো হবে উল্লেখ করে বিসিবি প্রধান বলেন, ‘এ ব্যাপারে কতটা উন্নতি করা যায় সেটা আমরা দেখছি। আমরা আশা করছি, এটা ছয় মাস ও এক বছর পরে এমন না। আশা করছি দুই-তিন দিনের মধ্যে আমরা এটা করতে পারব। আমরা ওদের সঙ্গে যোগাযোগও রাখব। এবং যে সমস্ত সুযোগ-সুবিধার কথা বলেছে সেগুলো আমরা বৃদ্ধি করে দেব।’

তবে অবকাঠামো উন্নয়নের যে দাবি ক্রিকেটাররা করেছেন সেটি সময় সাপেক্ষ বলে উল্লেখ করেন পাপন। বলেন, ‘খেলার ঘরোয়া অবকাঠামোর কথা যেটা বলেছে, সেটা তো এখন বললেই হবে না। তবে আমাদের বোর্ড থেকে যে প্ল্যানটা ছিল- আমরা কয়েকটা জায়গায় শুরু করেছি। তার পরের বছর আমরা আরেক জায়গায় যাব। তার পরের বছর আরেক জায়গায়। আমি সবাইকে মিলে আজ ঘোষণা দিয়েছি- এক সাথে সব জায়গায় অবকাঠামো উন্নতির জন্য কাজ করব। যাতে করে অবকাঠামো উন্নয়নে বেশি সময় না লাগে।’

সোমবার যখন আন্দোলনের ডাক দেন সাকিবরা, তখন সেখানে উপস্থিত ছিলেন ৬০-৭০ জনের মতো ক্রিকেটার। তবে এদিন গুলশানের হোটেলে উপস্থিত ছিলেন অনেক বেশি ক্রিকেটাররা।

পাপন বলেন, ‘এই সমস্ত আলাপ আলোচনার পরে এর বাইরেও কিছু আলাপ-আলোচনা হয়েছে। অনেক কিছু ছিল যেগুলো আমি অন্তত ব্যক্তিগতভাবে জানতাম না। আজকে এই সমস্ত খেলোয়াড়, ফার্স্ট ডিভিশন বা বাইরে থেকে যারা এসেছে, ওদের সঙ্গে কথা বলে শুনেছি ওদের বেশ কিছু সমস্যা আছে।’

‘আমরা বলেছি এগুলো একটা একটা করে তো আর এখন সমাধান দিতে পারব না। যার যে সমস্যা আছে, আমাদের কাছে যেন লিখিত পাঠিয়ে দেয়। আমরা অবশ্যই তাদের প্রত্যেকটা সমস্যা সমাধানের চেষ্টা করব। এই হলো আমাদের তরফ থেকে কথা হয়েছে।’

মাঠের ক্রিকেট শুরু নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আর হলো আমরা ভেবেছিলাম এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) যেটা, তৃতীয় রাউন্ড যেটা কালকেই শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত যেহেতু ওরা ভেন্যুতে যায়ই নাই। তাহলে কালকে শুরু হবে কীভাবে। আমরা ওরা আসার আগে ঠিক করেছিলাম, এবারের তৃতীয় রাউন্ড আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা আর হবে না। কিন্তু ওরা বলেছে ওরা খেলতে চায়। ওটা যদি পিছিয়ে করা যায় তাহলে ওদের জন্য ভালো হয়। আমরা বলেছি, শনিবার থেকে তৃতীয় রাউন্ড শুরু করব। আর জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২৫ তারিখে। ওরা যারা আছে ২৫ তারিখে ক্যাম্পে যোগ দেবে। এই হলো ওদের সঙ্গে আজকের আলোচনা।’

আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে পাপন জানান, ‘আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে। ওদের কাছে মনে হবে না। কারণ প্রথম দিকে আমার কিছুটা রাগ ছিল। কিন্তু পরের দিকে কোনো রাগ ছিল না। আমার মনে হয় আলোচনা ভালো হয়েছে।’

নতুন দুটি দাবি নিয়ে আলোচনা হয়নি জানিয়ে পাপন বলেন, ‘আসলে যেটা হয়েছে ওই দুটি নিয়ে আমরা আলাপ করিনি। কারণ আমি দেখিওনি। টিভিতে শুনেছি। শুনেছি কোনো উকিল বা লিগ্যাল একটা এসেছে। আমরা সাথে সাথে আমাদের যে অ্যাডভাইজার (আইনি উপদেষ্টা) আছে তার কাছে পাঠিয়ে দিয়েছি। কারণ লিগ্যাল কিছু আসলে আমরা সেটা ধরতে চাই না, কথাও বলতে চাই না। কাল পর্যন্ত যে ১১টা (দাবি) ছিল, সেই ১১টা নিয়ে আমরা কথা বলেছি।’

আরো পড়ুন:

প্রশ্নের উত্তর দিতে গেলে ঝামেলা: সাকিব
মাঠে ফিরছেন ক্রিকেটাররা
বিসিবিতে যাচ্ছেন সাকিবরা
আয়ের ভাগসহ দাবি আরো বাড়ালেন সাকিবরা
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছেন ক্রিকেটাররা

গণভবন থেকে মিরপুরে পাপন
বিকেল পাঁচটায় ক্রিকেটারদের সঙ্গে বসতে চায় বিসিবি
চাইলেই তো পদত্যাগ করা যায় না: দুর্জয়
ক্রিকেটারদের ধর্মঘটের মাঝেই চলল তৃতীয় বিভাগের খেলা!
সাকিবদের সমর্থন জানাল আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন
খেলোয়াড়রা খেলতে না চাইলে কী করার আছে: পাপন
বিদেশি কোচ পছন্দ নয় সাকিব-তামিমদের?
এটা পূর্বপরিকল্পিত চক্রান্ত, আমি ‘শকড’: পাপন
কিছুই জানতেন না মাশরাফী, বললেন ১১ দফার পক্ষে থাকবেন
বাংলাদেশ নিশ্চয়ই ভারতে আসবে: সৌরভ
যথাযথ সম্মান চান ক্রিকেটাররা
ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কী বলছে বিসিবি
পারিশ্রমিকসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্রিকেটাররা