আরও একটি রেকর্ড গড়া বার্সেলোনা তারকা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলটির কোচ এরনেস্তো ভালভেরদে। তার দৃষ্টিতে, দিন দিন আরও ভালো করছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। রেকর্ড ভাঙা-গড়া তার জন্য খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দারুণ একটি রেকর্ড গড়েন মেসি।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পনেরো মৌসুমে গোল করার কৃতিত্ব অর্জন করলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। সেই সঙ্গে প্রতিযোগিতাটিতে ৩৩টি ভিন্ন প্রতিপক্ষের জালে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউলের পাশে নাম লেখালেন মেসি।
ম্যাচ শেষে বার্সেলোনা অধিনায়ক মেসির প্রশংসায় ভালভেরদে বলেন, “সে এমন একজন খেলোয়াড় যে যেকোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। প্রতিদিন আমরা তার আরও উন্নতি দেখি।”
“অসাধারণ মেসির আরও একটি রেকর্ড। রেকর্ডগুলোর ব্যাপারে বলা সহজ, স্বাভাবিক মনে হয়। কিন্তু এগুলো অর্জন করা খুব কঠিন।”
মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার সতীর্থ মিডফিল্ডার সের্হিও বুসকেতসও, “চোটের কারণে মৌসুমের শুরুটা তার জন্য কঠিন ছিল। আমরা যেভাবে খেলি, তাতে মেসি অপরিহার্য। সে তার ছন্দ ফিরে পাচ্ছে। পুরো ছন্দে ফিরতে তার খুব বেশি সময় লাগবে না। কারণ সে বিশ্বসেরা।”