তিতাসে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার তিতাসে শাহরিয়ার (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই দু’জনকে আটক করেছে।

নিহত শাহরিয়ার ওই গ্রামের মৃত নজুম উদ্দিনের ছেলে এবং তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা ছিলো বলে তিতাস থানা পুলিশ জানিয়েছে।

এদিকে নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বৃহস্পতিবার সকালে আটক দু’জনের নামসহ উনত্রিশ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দক্ষিণ পাড়ার সুমন গংদের সঙ্গে মোল্লা বাড়ীর (শাহরিয়ার) লোকদের বিরোধ চলছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তারা আমার ভাইয়ের নামে মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে। আমার ভাই অপরাধ করে থাকলে তারা পুলিশের হাতে তুলে দিত। আজ পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং দক্ষিণ পাড়ার মৃত লতিফ মেম্বারের ছেলে আদিলুজ্জামান ও মোজাম্মেল হোসেনের ছেলে শামীমকে রাতেই আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।