নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর জিকির শেখ (৩৯) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানীর দক্ষিণ ফুকরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিকির শেখ সদর উপজেলার বনগ্রামের তৈয়ব শেখের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন জিকির। এর পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা।

কাশিয়ানীর রামদিয়া তদন্তকেন্দ্রের ওসি আমিনুর রহমান দেশ রূপান্তরকে জানান, কাশিয়ানীর ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিবার এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।