ভিসি ভবনে উঠছেন ডাকসু সদস্য সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের গণরুম বিলোপে কর্র্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় আগামী মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসভবনে ওঠার ঘোষণা দিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। তিনি বলেছেন, ‘গণরুম উচ্ছেদে প্রশাসনকে ১৫ দিন সময় দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলো তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে সৈকত এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গণরুমে শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করবে। আর উপাচার্য বাংলোয় আয়েশে থাকবেন, এটি অভিভাবকসুলভ আচরণ নয়। এজন্য গণরুম সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা তার বাংলোতে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি।’

ডাকসুর নেতা হিসেবে তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন ও স্থায়ীভাবে গণরুম উচ্ছেদের দাবিতে ১ সেপ্টেম্বর থেকে নিজের বৈধ সিট ছেড়ে গণরুমে থাকছেন।