ক্যাসিনো, অনিয়ম ও চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলমান অভিযান অব্যাহত রাখার আশা প্রকাশ করেন এর সদস্যরা।
বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সাধুবাদ জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে জননিরাপত্তা বিভাগ ও এর আওতাধীন সংস্থার সমন্বয়ে গৃহীত কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড-সংক্রান্ত যুক্তরাজ্যে গঠিত তদন্ত কমিশন ও এর কার্যপরিধির বৃত্তান্ত, পুলিশ বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতিসংবলিত তথ্য সংগ্রহ ও প্রামাণ্য চিত্র নির্মাণ, প্রতিটি থানায় শিশু, বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ডেস্ক চালু, ৯৯৯ ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস সেবা আধুনিকীকরণ এবং পরিত্যক্ত বিওপিকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন’ হিসেবে রূপান্তরসংক্রান্ত কার্যক্রমগুলো ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপনকল্পে জাতীয় কর্মসূচির অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কারাগারে ডাক্তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটিতে আলোচনা হয়। এ-সংক্রান্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা হয়।
কারা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে ওই ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। কারাগারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও বাংলাদেশ পুলিশের কার্যক্রম বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশগ্রহণ করেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, অধীনস্ত সংস্থার প্রধান ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।