নিজ বাসায় ঝুলছিল পোশাক শ্রমিক দম্পতির লাশ

আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পোশাক শ্রমিক এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত ওই দম্পতি হলেন- পারভেজ মিয়া (২৬) ও সাদিয়া আক্তার (২৩)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

তিনি জানান, সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এসময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ তাদের কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আবদুস সালাম।

প্রাথমিকভাবে তাদের ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।