প্রথম দিনে যা করলেন ভেট্টোরি

ক্রিকেটারদের ধর্মঘটের কারণে একরকম শঙ্কার মুখেই পড়ে গিয়েছিল ভারত সফর। তবে বুধবারই আন্দোলনরত ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে সমঝোতা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার থেকেই তাই শুরু হয়েছে ভারত সফরের ক্যাম্প।

এদিন টাইগারদের অনুশীলনে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত ছিল আগেই। তবে এদিনই প্রথমবারের মতো কাজ শুরু করলেন। সকালেই ঢাকা পৌঁছে দুপুরে চলে আসেন টাইগারদের অনুশীলনে। ছিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট।

তবে সবকিছু ছাপিয়ে সবার চোখ ছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ভেট্টোরির দিকে। তা প্রথম দিনের অনুশীলনের টাইগারদের নিয়ে কী কাজ করলেন সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক?

অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া আরাফাত সানি। কৌতূহলটা মেটালেন এই বাঁহাতি স্পিনার, ‘আজকে যেহেতু প্রথম দিন, সবাইকে শুধু দেখেছে।’ তেমন কোনো কথা হয়নি। হয়তো কাল বা পরবর্তী যেদিন অনুশীলন হবে সেদিন হয়তো আলোচনা করা হবে।’

তবে ভেট্টোরিকে স্পিন বোলিং কোচ হিসেবে পেয়ে বেশ রোমাঞ্চিত সানি, ‘একজন বাঁহাতি স্পিনার হিসেবে সব সময় কিন্তু আমরা ওর বোলিংটা অনুসরণ করতাম। যেহেতু উনি একজন গ্রেট স্পিনার বাঁহাতিদের মধ্যে। সে আমার এখন কোচ। আজকে তো প্রথম দিন। দেখা যাক অনুশীলন তো আরো আছে। দলের সঙ্গে আছি, তার সঙ্গে শেয়ার করব কীভাবে কি করা যায়।’

সানি যোগ করেন, ‘তার অভিজ্ঞতা রয়েছে অনেক। আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় তো তিনি ছিলেনই, আইপিএলেও কোচিং করিয়েছেন। তার সঙ্গে কথা বলে আরো বেটার পারফরম্যান্স করতে পারব। তার সঙ্গে শেয়ার করলে হয়তো আরো উন্নতি সম্ভব হবে।’

তা ভেট্টোরির কাছে বিশেষ কোন জিনিস নিয়ে কাজ করতে চান সানি? জাতীয় দলের হয়ে ১৬টি ওয়ানডে, ১০টি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার বলছেন, ‘উন্নতি বলতে আসলে কোন উইকেটে কেমন বোলিং করতে হবে সেটা জরুরি। ভারতে কিন্তু অনেক ম্যাচ খেলেছেন তিনি (ভেট্টোরি), কোচিংও করাচ্ছেন। তাই উইকেটটি কিন্তু আমাদের চেয়ে সে অনেক বেটার জানে। কোন উইকেটগুলো কী রকম হতে পারে, কীভাবে বোলিং করলে বেটার পারফর্ম করা যায় সেদিক থেকে এই জিনিসগুলোর ব্যাপারে আমি আইডিয়া নেওয়ার চেষ্টা করব।’