শেফালির ১০০-ই করতে পারলো না বাংলাদেশ, ফাইনালে ভারত-শ্রীলঙ্কা 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

এশিয়া কাপের সেমিফাইনালে হারের ক্ষত ভুলতে ১৯৬ রান করতে হতো বাংলাদেশকে। সেখানে ভারতের ইনিংসে সেঞ্চুরি করা শেফালি ভার্মার রানকেই ছুঁতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। ৮১ রানেই অলআউট তার দল। এতে এশিয়ান গেমসের সেমিফাইনালে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরে ১০ দিনের মধ্যে একই দলের বিপক্ষে দুবার ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। 

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আর একবার ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখায় বাংলাদেশ। দলীয় সংগ্রহ দুই অঙ্কে পৌঁছানের আগেই সাজঘরে পাড়ি জমান জুয়াইরিয়া (০) ও মোস্তারি (৪)।

সেখানে আরেক ওপেনার দিলারা কিছুটা দৃঢ়তা দেখালেও বাকি ছিলেন যাওয়া-আসার মিছিলেই। দলীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে সেই দিলারার ব্যাট থেকেই। শেষ পর্যন্ত ১৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে জ্যোতিদের ইনিংস থামে ৮১ রানে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন নন্দিনী ও দীপ্তি। 

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। সেখানে শুরু থেকেই মারুফা-সানজিদাদের ওপর চড়াও হন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি। পাওয়ারপ্লের শেষ ওভারে নাহিদার বলে মোস্তারির হাতে ক্যাচ দিয়ে মান্ধানা (১৯ বলে ৩৭) ফিরলেও স্কোরবোর্ডে ততক্ষণেই উঠে যায় ৭২ রান। সেখানে রানের গতি কিছুটা কমে আর দলীয় ৮৫ রানের ফেরেন তিনে নামা গুনালান কমলিনী (৩)। 

তবে তাণ্ডব জারি রাখেন আরেক ওপেনার শেফালি। অধিনায়ক হারমানপ্রীত কৌরকে গড়েন ৯৪ রানের দারুণ এক জুটি। দলীয় রানের খাতা বেশ চওড়া করে হারমানপ্রীত ১৮তম ওভারে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শেফালি। আর ৪৯ বলে ৩ চার ও ৯ ছক্কার মারে তুলে নেন সাদা বলের ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা, সানজিদা, রাবেয়া ও নাহিদা। 

দিনের আরেক সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কার মেয়েরা। এতে আগামী মঙ্গলবার তারা ভারতের বিপক্ষে খেলবে স্বর্ণপদকের লড়াইয়ে। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ পদকের জন্য লড়বে বাংলাদেশ ও পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারতের ইনিংস: ১৯৫/৪ (২০ ওভার) (শেফালি ১০০*, হারমানপ্রীর ৪০, মান্ধানা ৩৭; মারফা ১/ ৪৩, সানজিদা ১/২৫)
বাংলাদেশের ইনিংস: ৮১/১০ (১৫.৪ ওভার) (দিলারা ২৭, সুলতানা ১২*; দীপ্তি ৩/৭, নন্দিনী ৩/২৫)
ফলাফল: ভারত ১১৪ রানে জয়ী

সর্বশেষ সর্বাধিক পঠিত