বুড়িগঙ্গায় তরুণের মরদেহ

ঘর থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত ওই দম্পতির নাম পারভেজ মিয়া (২৬) ও সাদিয়া আক্তার (২৩)। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

আশুলিয়া থানার এসআই আবদুস সালাম জানান, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। তাদের কোনো সাড়া পাওয়া না গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় তাদের ফাঁস লাগানো লাশ।

অন্যদিকে, বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা মুসলিম যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাসির উদ্দিন জানান, সদরঘাট ৩ নম্বর পন্টুনের সামনে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে লোকজন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। লাশটি দেখে বয়স আনুমানিক ৩২ বছর হবে বলে মনে হচ্ছে। লাশটি বিবস্ত্র ছিল।