নীলফামারীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫৪ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উন্নয়ন সংস্থা ‘আশা’। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পরীক্ষার্থী নয় শিক্ষার্থী হতে হবে। এজন্য পড়াশোনার পাশাপাশি বাইরের জ্ঞানও আহরণ করতে হবে। খেলাধুলা, সংস্কৃতিচর্চা এমনকি শৃঙ্খলার মধ্য থেকে মুক্তচিন্তা করতে হবে।’
উন্নয়ন সংস্থা ‘আশা’র বিভাগীয় ব্যবস্থাপক হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।