ভারত-বাংলাদেশ সিরিজে অনন্ত একটি টেস্ট দিবারাত্রির হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। এবং সেটি ইডেনে। তবে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি এক রকম বলেই দিয়েছেন, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
চার বছর ধরেই দিবা রাত্রির টেস্টে দেখে আসছে ক্রিকেট ভক্তরা। তবে ভারত ও বাংলাদেশ দুই দেশই এখনো দিবারাত্রির টেস্ট খেলেনি। সৌরভ গাঙ্গুলি নিজে আবার দিবারাত্রির টেস্টের পক্ষে। তবে সেটি যে খুব শীঘ্রই হবে এমনটা সৌরভ নিজেও নিশ্চিত করতে পারেননি।
কলকাতার ইডেন উদ্যানে শুক্রবার সৌরভের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানেই সৌরভ বলেন, ‘আমি দিন-রাতের টেস্টে বিশ্বাসী। বিরাট কোহলিরও এ ব্যাপারে সম্মতি আছে। ক্রিকেটকে সামনে এগিয়ে যেতেই হবে। কারণ, টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটের জন্য দারুণ চ্যালেঞ্জে পড়েছে টেস্ট ক্রিকেটে। জানি না দিবা-রাত্রির টেস্ট কবে হবে। তবে আমি আশাবাদী যে এটা হবে। টেস্টের আকর্ষণ বাড়াতে এটা দরকার।’
ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। সাকিবরা তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে।
টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৩, ৭ ও ১০ নভেম্বর। ভেন্যু যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুর। ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট ও ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।