টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
এ সময় অফিসে থাকা নগদ ৭ হাজার টাকাসহ অন্তত ৩ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার ফজরের নামাজ পড়তে কোর্ট মসজিদে যাই। এ সময় মসজিদ সংলগ্ন উপজেলা শিক্ষা অফিসের দোতলায় কালো ধোঁয়া দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম দেশ রূপান্তরকে বলেন, ভোর ৬ টার দিকে আগুন লাগার সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।