জামালপুরের ইসলামপুরে বাচ্চু মিয়া (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চর পুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাচ্চু মিয়া তার চাচাতো ভাই জিয়াউদ্দিনের ঘরে একাই ঘুমাতে যান। রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘুমের মধ্যে বাচ্চুকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ইসলামপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সবকিছু জানা যাবে। নিহতের পরিবার এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুই বছর আগে জমিসংক্রান্ত একটি বিরোধের জেরে খুন হন একই গ্রামের করিম শেখ (৫৫)। এ ঘটনায় তার ভাই সোনাহার ও ভাতিজা বাচ্চু মিয়াকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। মামলার রায় এখনো হয়নি।