মৌলভীবাজারে পর্যটন প্রতিমন্ত্রী

পর্যটন উন্নয়নে ৩০ কোটি টাকায় পরামর্শক নিয়োগ হচ্ছে

দেশের পর্যটন খাতের উন্নয়নে গবেষণা ও পরামর্শের জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে পাঁচ বিদেশি ও কয়েকজন দেশি পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, আগামী সপ্তাহে এই বিদেশি পরামর্শকদের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। গতকাল শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পর্যটন উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী এসব তথ্য জানান।

সভায় প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য আগে দেশের সব জেলার বর্তমান পর্যটন অবস্থা ও পর্যটন সম্ভাব্য স্থানের জরিপ করতে হবে। সেজন্য আমরা ৩০ কোটি টাকা ব্যয়ে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছি। চলতি সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাদের মধ্যে চারজন ব্রিটিশ ও একজন ফরাসি পর্যটন বিশেষজ্ঞ থাকছেন। এ ছাড়া দেশীয় অনেক বিশেষজ্ঞ কাজ করবেন।