সৌদিতে নিহত নাজমার মরদেহ মানিকগঞ্জে

সৌদি আরবে নিহত নারী শ্রমিক নাজমা বেগমের (৪০) মরদেহ প্রায় দুই মাস পর গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। রাতেই স্বজনরা লাশ গ্রহণ করে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রাম নিহতের নিজ বাড়িতে নিয়ে যান। গতকাল শুক্রবার বিকেলে তার মরদেহ দাফন করা হয়। গত ২ সেপ্টেম্বর তিনি সৌদিতে নিহত হন। নিহত নাজমার ছেলে রাজীব মিয়া জানান, ১১ মাস আগে সৌদি আরবে যান তার মা নাজমা। মায়ের নির্যাতনের খবর শুনে তারা অনেকবার সিদ্দিকের কাছে গেছেন। মাকে ফিরিয়ে আনতে তার হাত-পা পর্যন্ত ধরেছেন। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি। উল্টো তাদের ধমক দিয়ে বিদায় করে দিয়েছেন।

মৃত্যুর কয়েক দিন আগে নাজমা ও তার স্বজনদের মধ্যে আলাপের কয়েকটি অডিও স্বজনদের কাছে রয়েছে। সেসব অডিওতে শোনা যায়, নাজমা তার ওপর নির্যাতনের বর্ণনা দিচ্ছেন আর কান্নাকাটি করছেন। সৌদি আরবে নাজমা নিহতের ঘটনায় সিদ্দিককে আসামি করে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জ জুডিশিয়াল কোর্টে মামলা করেছে নাজমার পরিবার।