আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সুলপান্দী গ্রামের কাপড় ব্যবসায়ী দীন মোহাম্মদ ও ডহর মারুয়াদী গ্রামের আবুল হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। একই রাতে আরও দুই বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এসব ঘটনায় ডাকাতরা দুজনকে কুপিয়ে জখম করে।
দীন মোহাম্মদ দেশ রূপান্তরকে জানান, রাত ২টার দিকে মুখোশ পরিহিত ১০-১২ ডাকাত গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ছেলে ওসমানকে হাত-পা বেঁধে ৪ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। অন্যদিকে আবুল হাসেম জানান, রাত ১টার দিকে মুখোশ পরিহিত ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা একটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। একই রাতে আড়াইহাজার পৌরসভার ঝাউগাড়া গ্রামের হেলালউদ্দিনের ঘরে ডাকাতরা ঢুকতে চেষ্টা করে। বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়। হেলালের চিৎকারে লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ডাকাতি হয়নি। তবে চেষ্টা করেছিল।’