সন্তান নিয়ে বিপাকে ধর্ষণের শিকার প্রতিবন্ধী

টাঙ্গাইলের বাসাইলে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী সন্তান প্রসব করে পড়েছে বিপাকে। ১০ অক্টোবর সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। এর আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বের রাতে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলা হলেও স্থানীয় প্রভাবশালীদের মদদে আসামি ইসমাইল হোসেন (৫৫) রয়েছে ধরছোঁয়ার বাইরে। প্রতিবন্ধী কিশোরী গতকাল দেশ রূপান্তরকে বলে, ‘এখন আমি শিশুটি নিয়ে সমস্যায় আছি। তাকে খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই। আমি ওই ইসমাইলের বিচার চাই।’

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কলিয়া গ্রামের বাসিন্দা ওই কিশোরী ২০১৮ সালের ১২ ডিসেম্বর রাতে ওই এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে ফিরছিল। এ সময় ইসমাইল হোসেন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে চকের একটি মেশিন ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে প্রভাবশালী একটি মহল। কিশোরীর বড় ভাই বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে মামলা করেন। বাসাইল থানার ওসি এস এম তুহিন আলী বলেন, ওই প্রতিবন্ধী কিশোরী সন্তান প্রসবের কয়েক দিন পর আমরা জেনেছি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।