দেশে প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন সাড়ে ১২ হাজারেরও বেশি নারী। এর মধ্যে অন্তত ৭ হাজার মারা যান।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দিনব্যাপী স্তন ক্যানসার স্ক্রিনিংবিষয়ক হেলথ ক্যাম্পে এসব তথ্য জানান জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
ডিআরইউর নারী সদস্য ও পরিবারের জন্য আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার নির্ণয়ের জন্য স্ক্রিনিং কর্মসূচি জনগণের নাগালের মধ্যে নেওয়া প্রয়োজন। সরকার ইতিমধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের জন্য ২৩শ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও স্ক্রিনিং মানুষের নাগালের মধ্যে আসবে।
ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় হেলথ ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ডা. সারিয়া তাসনিম, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, ডিআরইউর অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী প্রমুখ।